বাগমারায় এক ব্যক্তির রহস্য জনক মৃত্যু
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় হোসেন আলী (৩৯) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বিকেলে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হোসেন আলীর বাড়ি নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতের খাবার খেয়ে স্ত্রীসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন হোসেন আলী। স্বামীকে বিছানায় রেখে সকালে স্ত্রী ঘুম থেকে উঠে বাড়ির কাজ করছিলেন।
ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে স্বামীকে ঘুম থেকে ডাকেননি। বেলা ১১টার দিকে সকালের খাবার রান্না হলে স্বামীকে ঘুম থেকে উঠার জন্য ডাক দেন। ঘরে দিয়ে তার কোনো সাড়াশব্দ পাননি স্ত্রী। সন্দেহ হলে পাশের বাড়িতে থাকা তাঁর স্বজনদের ডেকে আনেন। এ সময় তাঁরা ঘরে এসে হোসেন আলীকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে হোসেন আলীর লাশের সুরাতহাল প্রতিবেদন সংগ্রহ করে। রহস্যজনক মৃত্যু হওয়ায় ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গলায় ও মুখে দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্বজনেরা অভিযোগ করেন, হোসেন আলীকে মেরে ফেলা হতে পারে।
এর সঙ্গে তাঁর স্ত্রী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম বলেন, মৃত্যুটি পুলিশের কাছে রহস্যজনক মনে হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর ঘটনায় হোসেন আলীর স্ত্রী চাম্পা বিবিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
