মোহনপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
মোহনপুর থেকে প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেধার স্বীকৃতি স্বরুপ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২ টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চত্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এ্যাড.আব্দুস সালাম পিপি।
মোহনপুর সরকারী কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোক্তাদির, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাষ্টার।
উপজেলা পরিষদ চেয়ারম্যান গোল্ডেন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের কাছে যা আছে আমাদের কাছে নেই, সেটি হলো সময়। তোমাদের হাতে আছে প্রচুর সময়। সময়কে কাজে লাগানোর এখনি সময়। তোমরা যদি সময়ের মূল্য দাও তাহলে জীবনের মূল্য পাবে। এসময় তিনি শিক্ষকদের ক্লাসে মনোযোগী হওয়ার আহবান জানান। মোহনপুরে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২২ জন ছেলে ১৮ জন মেয়ে শিক্ষার্থী ছিল।
