বাগমারা জোঁকাবিলে মৎস্যচাষ নিয়ে আ’লীগের দু’পক্ষ মুখোমুখি অবস্থানে
সাবাইহাট প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় জোঁকা বিলে মৎস্য চাষকে কেন্দ্র করে হামলা, পাল্টা হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নরদাশ ইউনিয়নের জোঁকাবিলে মৎস্য চাষের উপকরণ জাল, দড়ি, বানা কর্তন, মজনু মিয়ার পানবরজ, জোনাব আলীর মুরগীর খামারে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে। ঘটনাগুলি সংঘঠিত হয় শুক্রবার মধ্যরাত এবং শনিবার সকাল সাত ঘটিকা হতে নয় ঘটিকার মধ্যে। উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা বলে সূত্রে জানা গেছে।
এ ঘটনায় আতংক বিরাজ করছে। স্থানীয়রা পুনঃরায় বাড়ি ঘরে হামলার আশংকা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। জোঁকা বিলে মৎস্যচাষ নিয়ে বিগত ২০১৮ সালের ১৮ই এপ্রিল প্রকল্পের কোষাধ্যক্ষ আনিছুর রহমানকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। মামলা চলমান। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এবং নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশীদ, অপর পক্ষে রয়েছেন বাসুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা জাবের আলী। জাবেরের পক্ষের লোকজনের পান বরজ ও মুরগী খামারে হামলা ও ভাঙ্গচুর করা হয়।
অন্যদিকে রশীদ পক্ষের মৎস্য চাষ প্রকল্পের জাল, দড়ি, বানা কেটে দেয়া হয়েছে। সরজমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের কাছে সরাসরি জানতে চাইলে তাঁরা একে অপরকে দুষছেন। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের নিকট উপস্থিত সংবাদকর্মীরা জানতে চাইলে তিনি জানান, দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ মুঠোফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
