বাগমারায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ১
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সোহাগ(৩০) নামে এক চালক নিহত হয়েছে। ওই ঘটনায় রায়হান (৩২) নামে আরেক আরহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বাগমারা থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে ভবানীগঞ্জ কলেজ মোড়ের মেসার্স মকলেছ ফার্নিচারের এই দুই কর্মচারী তার দোকান মালিকের ব্যবহৃত টিভিএস ৮০ সিসি একটি লেডিস মোটর সাইকেল নিয়ে বের হয়। তারা পাহাড়পুর মোড় পার হয়ে কিছুদূর যাওয়ার পর সেখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হায়িয়ে একটি নিম গাছের সাথে ধাক্কা লাগে। পরে চালকের আসনে বসে থাকা সোহাগ ঘটনস্থলেই মারা যায়। এ সময় তার মাথায় প্রচন্ড আঘাত লেগে মাথা ফেটে যায়।
এ সময় মোটর সাইকেলের পিছনের সিটে বসে থাকা রায়হান দূরে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। মকলেছ ফার্নিচারের মালিক রাকিব হোসেন জানান, আমি ব্যবসায় কাজে রাজশাহী এসেছি। খবর পেলাম আমার দোকানের ওই দুই কর্মচারী আমার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে এক্্িরডেন্ট করেছে।
ওই সময় তাদের মোটরসাইকেল নিয়ে সেখানে যাওয়ার কথা নয়। বিষয়টি আগে তারা আমাকে জানায়নি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
