বঙ্গবন্ধুর সমাধিতে সেনাপ্রধানের শ্রদ্ধা
এফএনএস : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সেনাপ্রধান বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সেই সঙ্গে বিউগল বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সেনাপ্রধান সুরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে সেনাপ্রধান টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিতে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট (জেনারেল) মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি (এসইউ) মেজর জেনারেল খালেদ আল মামুন, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, সামরিক গোয়েন্দা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আ. ফ. ম. আতিকুর রহমান, ৮৮ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন, ১০৫ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনাপ্রধান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
