এফএনএস : ২৫ বছর বয়সের যুবক রুবেল হোসেন এখন মাদকে আসক্ত। নেশা উঠে গেলে তার চাই হোরোইন। এজন্য প্রয়োজন অর্থ। আর সেই অর্থ দিতে ব্যর্থ হলে বিধবা মাকে করা হয় নির্যাতন। কিন্তু এভাবে আর কতদিন ! নিরুপায় হয়ে মা’ তার নেশাগ্রস্থ ছেলেকে সোপর্দ করেন পুলিশের কাছে। বৃহস্পতিবার সকালে বাঘা থানায় এই ঘটনা ঘটে।
রুবেল হোসেন মশিদপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। রুবেল হোসেন একসময় ভালো ফুটবল খেলোয়ার ছিল। তার স্ত্রীসহ চার বছরের একটি সন্তান রয়েছে। গত দেড় বছর আগে নেশার জগতে প্রবেশ করে রুবেল। প্রথম দিকে ফেন্সিডিল সেবন করতো। তারপর আসক্ত হয় ইয়াবা। বর্তমানে হেরোইন ছাড়া তার একদম’ই চলেনা।
রুবেল হোসেন মা’ মেন্নেকা বেগম দুপুরে ছেলেকে আদালতে প্রেরণের সময় থানা চত্বরে এই প্রতিবেদকে তিনি বলেন, কোন মা-কি এমনি এমনি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়? ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। নেশা উঠে গেলে কারো কোন কথা শুনে না। আমাকে মারপিট তো করেই, সাথে আসবাবপত্রও ভাংচুর করে। তাই নিরুপায় হয়ে পুলিশকে খবর দিয়ে আমি তাকে থানায় সোপর্দ করেছি।
আমি চাই, সে হাজত থেকে সংশোধন হয়ে ফিরে আসুক। এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, নেশাগ্রস্থ রুবেলের মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ী থেকে দুইপুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।