পুঠিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু
পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় আবদুস সামাদ (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটকাতে পারলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে।
এছাড়া পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে নিহত ভ্যানচালকের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। নিহত ভ্যানচালক আবদুস সামাদ রাজশাহীর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আবেদ আলীর ছেলে।
পবা হাইওয়ে (শিবপুরহাট) পুলিশের ওসি লুৎফর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ভ্যানচালক আবদুস সামাদ পুঠিয়ার ঝলমলিয়া হাট থেকে কলাবোঝাই করে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে পুঠিয়া বাসস্ট্যান্ড পার হয়েই রাজশাহী-ঢাকা মহাসড়কের তাহেরপুরে নাটোরগামী একটি পণ্য বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটকাতে সক্ষম হন। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
