২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি
বিজ্ঞাপন

এফএনএস : দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। তাদের তথ্যমতে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা গতকাল শুক্রবার ছিল দেশের মধ্যে সর্বনিম্ন। এরপর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে গতকাল শুক্রবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেয় জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন