বাগমারায় প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ১০ জন আহত
সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাসুদ রানা (২৫), মাহাবুর রহমান (৪০) ও রোজিনা বিবি (২৩) কে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের চাপড়া মোহাম্মদপুর গ্রামে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনায় থানায় মামলার প্্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাগমারা থানার পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গনিপুর ইউনিয়নের চাপড়া মোহাম্মদপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রাজ্জাক একই গ্রামের মাহাবুর রহমানের বাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রাজ্জাক তার লোকজন নিয়ে মাহাবুর রহমানের বাড়িঘরে হামলা চালায়। এ সময় মাহাবুর রহমান বাধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করে।
মাহাবুর রহমানকে উদ্ধারে এগিয়ে আসলে প্রতিপক্ষের আব্দুর রাজ্জাকসহ তার লোকজন মাহাবুর রহমানের স্ত্রী রোজিনা বিবি ও মাসুদ রানাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে হামলকারীরা পালিয়ে যায়। পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। হাসপাতালে চকিৎিসাধীন আহত মাসুদ রানা অভিযোগ করে বলেন, স্থানীয় এক প্রভাবশালীর নির্দেশে আব্দুর রাজ্জাক ও তার লোকজন হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও পিটিয়ে আহত করেছে।
বাগমারা থানার উপ-পরির্দশক সনজীব কুমার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, আহতদের পক্ষে থানায় একটি এজাহার দেয়ার পর পরই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
