খুলনায় কোভিডে ২৪ ঘণ্টায় রেকর্ড ২৮ জনের মৃত্যু
এফএনএস : খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে; এর আগে একদিনে মৃত্যুর রেকর্ড ছিল ২২ জন। রোববার সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয় বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তারের পরিচালক রাশেদা সুলতানা জানিয়েছেন, এদিন রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এদিন এ বিভাগে নতুন ৭৬৩ জনের এ রোগ শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের রেকর্ড ছিল ৬২৫ জন। এ শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ।
আগের দিন শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৪৯ শতাংশ। রাশেদা সুলতানা বলেন, খুলনা বিভাগে করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। জনসাধারণের মধ্যে এখনও সচেতনতা বৃদ্ধি পেলে এ হার নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জানিয়েছেন, ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় আরটি-পিসিআরের মাধ্যমে ১ হাজার ৫২৩টি, র্যাপিড অ্যান্টিজেনে ৮৬১টি এবং জিন এক্সপার্টের মাধ্যমে ৬৯টি নমুনা পরীক্ষা হয়। মোট ২ হাজার ৪৫৩ জনের নমুনার পরীক্ষায় ৭৬৩ জনের করোনা শনাক্ত হয়।
নতুন সংক্রমিতদের মধ্যে বাগেরহাটে ৬৮, চুয়াডাঙ্গায় ৬৮, যশোরে ৭৩, ঝিনাইদহে ৯০, খুলনায় ২২৩, কুষ্টিয়ায় ১৬৪, মেহেরপুরে ১৯, নড়াইলে ৪৪ এবং সাতক্ষীরায় ১৪ জন রয়েছেন। মাগুরার ২৪টি নমুনা পরীক্ষায় কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। এ নিয়ে বিভাগে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৩২ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৮২৫ জনের। গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনসহ মোট ৩৪ হাজার ৩২০ জন সুস্থ হয়েছেন।
মহামারী পরিস্থিতি আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, রোগীরা বাড়িতে বেশি দিন কাটিয়ে হাসপাতালে আসছেন। অবস্থা খারাপ হলে তখন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বিভাগের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৫৫ বছরের বেশি বয়সীরা বেশি মারা গেছেন।
