‘কারাগারের রোজনামচা’র ফরাসি সংস্করণের মোড়ক উন্মোচন
এফএনএস : প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ফরাসি সংস্করণ ‘জার্নাল ডি প্রিজন’ এর মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল শুক্রবার প্যারিসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি নিউইয়র্ক থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হন। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফরাসি লেখক, দার্শনিক ও চলচ্চিত্রকার বার্নার্ড হেনরি লেভি, বিশেষ বক্তা হিসেবে ঢাকা থেকে অংশগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।
অনুষ্ঠানে দূতাবাসে সশরীরে উপস্থিত ছিলেন এ গ্রন্থের অনুবাদক অধ্যাপক ফিলিপ বেনোয়েত, বইটির প্রকাশনী সংস্থার প্রতিনিধি বার্ট্রান্ড ফেভারেল। কোভিড মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজনটিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি, অনুবাদক, প্রকাশক সংস্থার প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা সশরীরে অংশগ্রহণ করেন এবং ফ্রান্সে অবস্থিত অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রদূত, বিশিষ্ট গুণীজনসহ প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুষ্ঠানটি একইসাথে অনলাইনে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু তার জীবনের ১৩টি বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন, পরিবার পরিজনকে ছেড়ে কারাগারে অন্তরীণ জীবন যাপন করেছেন। টেকসই শান্তি প্রতিষ্ঠার নিমিত্তে ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ সভায় বাংলায় প্রদত্ত বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানব জাতির অস্তিত্ব রক্ষায় বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা অনিবার্য।
শান্তির যে বার্তা তিনি প্রচার করে গেছেন সেটাই বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল মন্ত্রÍ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই কিন্তু তার জীবন দর্শন আমাদের অনুপ্রেরণার প্রধান উৎস। বিশিষ্ট ফরাসি, লেখক, দার্শনিক ও চলচ্চিত্রকার বার্নার্ড হেনরি লেভি তার বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, এ বইয়ে আমি বঙ্গবন্ধুর কণ্ঠস্বর শুনতে পাই। লেভি তার বক্তব্যে তিনটি বিশেষ দিক তুলে ধরেন।
প্রথমত তিনি ফ্রান্সে বসবাসরত শেষ প্রজন্মের মানুষ যিনি বঙ্গবন্ধুকে দেখেছেন। তিনি বলেন, এ গ্রন্থের মাধ্যমে একদিকে যেমন মিষ্টতার প্রকাশ অনুভব করতে পেরেছি, তেমনি দৃঢ়তাও ফুটে উঠেছে। তার ওপর যন্ত্রণার অনুভূতি যেমন প্রকাশ পেয়েছে, তেমনি ভবিষ্যতের আশাবাদও ব্যক্ত হয়েছে। লেভি বলেন, এ গ্রন্থের মাধ্যমে জনমানুষের প্রতি বঙ্গবন্ধুর মমত্ববোধ আস্বাদন করতে পেরেছি। কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধু নিজের পরিবার পরিজনের চেয়েও দেশ, দেশের মানুষের কথা চিন্তা করেছেন।
কীভাবে পাকিস্তানি শাসক বাহিনীর অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, দেশের মানুষকে মুক্তির আন্দোলনে দিকনির্দেশনা প্রদান করেছিলেন তা বিধৃত হয়েছে এ গ্রন্থে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভার্চ্যুয়াল প্লাটফর্মে এবং বার্নার্ড হেনরি লেভি দূতাবাসে যৌথভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। রাষ্ট্রদূত বইটি প্রকাশনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গ্রন্থটি গতকাল শুক্রবার থেকে ফ্রান্সের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।
