১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় আরও ৬০ মৃত্যু, শনাক্ত প্রায় ৪ হাজার

প্রকাশিত: ১৭ জুন ২০২১, ৯:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দেশে করোনায় আরও ৬০ মৃত্যু, শনাক্ত প্রায় ৪ হাজার
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ২৪ জন। ৬০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬ জন, বেসরকারি হাসপাতালে নয়জন ও বাসায় পাঁচজন মারা যান। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২৮২ জনে। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৯৫৬ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৩৭ হাজার ২৪৭ জনে। শনাক্তের হার ১৬.৬২ শতাংশ। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪১ শতাংশ। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৬৭৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৪২ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬০ জনের মধ্যে দশোর্ধ্ব তিনজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব ১০ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন ও ষার্টোর্ধ্ব ২৩ জন রয়েছেন। বিভাগওয়ারী দেখা গেছে, মৃত ৬০ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে ১৭ জন, খুলনায় ১৪ জন, সিলেটে ছয়জন, রংপুরে চারজন ও ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, দেশের ১০টি জেলায় গত দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, নড়াইল, যশোর, খুলনা, নাটোর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর এবং রাজশাহী। তবে চলতি সপ্তাহে রাজশাহীতে সংক্রমণ কিছুটা কমেছে। গতকাল বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক মাস ধরে সংক্রমণ একটু একটু করে বাড়ছে। সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ ও হার নিচের দিকে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। জানুয়ারি মাস থেকে সংক্রমণের হার দেখলে এপ্রিল মাসে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়। জুন মাসে সংক্রমণের হারটি কম নয়। ১৫ জুন পর্যন্ত ২৫ হাজার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, বরিশাল বিভাগ কিছুটা স্বস্তির জায়গায় আছে। রাজশাহী ও খুলনা বিভাগে সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন