১১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ

প্রকাশিত: ১৩ জুন ২০২১, ১২:২১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনার ‘নতুন হটস্পট’ রাজশাহীতে একদিনের ব্যবধানে মৃত্যু কিছুটা কমলেও আবারও বেড়েছে সংক্রমণের হার। গত শুক্রবার দিনগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৩৬৬ নমুনা পরীক্ষার পর ১৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। একই সময়ে মোট ৩৭৯ নমুনা পরীক্ষায় বাতিল হয় ১৩টি। ফলে নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার হচ্ছে ৩৯ দশমিক ৭ শতাংশ। এর আগে নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৫০ শতাংশ ছাড়িয়েছিল। এরপর তা অনেক কমে আসলেও ফের বাড়তে শুরু করেছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও রোগটির উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১৫ জনের। সে হিসেবে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমেছে। আর গত ৪ জুন রামেক হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু রেকর্ড হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে গতকাল শনিবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ও উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মৃত চারজনের মধ্যে একজন করোনা পজিটিভ ও অন্য তিনজন রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন রোগীর বাড়ি রাজশাহীতে।

মুখপাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে নতুনভাবে ২৫ জন রোগী ভর্তি হয়েছে। তবে একই সময়ে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। হাসপাতালটিতে করোনা চিকিৎসায় থাকা ২৭১ বেডের বিপরীতে শনিবার সকাল পর্যন্ত রোগী ভর্তি ২৮৯জন। অর্থাৎ বর্তমানে ধারণ ক্ষমতার চেয়েও বেশি সংখ্যক রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এদিকে হাসপাতাল সুত্র বলছে, গত ১২ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১২ জুন সকাল ৬টা পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১১১ জন। এর মধ্যে ৬৪ জন করোনায় শনাক্ত হয়ে এবং বাকিরা রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন।

এর আগে লকডাউনের কারণে ট্রেন বন্ধ থাকার বিষয়টি বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর পরই এই সময়ের জন্য অগ্রিম টিকিট কাটা যাত্রীরা টাকা ফেরত নেওয়ার জন্য কাউন্টারে ছুটে আসে। গতকাল শনিবার সকালে টাকা ফেরত নিতে আসা বনলতা ট্রেনের যাত্রী প্রণয় কুমার অভিযোগ করে বলেন, টিকিট জমা দিয়ে অনেকেই টাকা ফেরত পেয়েছে বলে শুনেছি।

তবে আমি পায়নি, এর কারণ জানতে চাইলে বলেন, কাউন্টার থেকে বলছে টাকা শেষ হয়ে গেছে। আর কিছুই করার নেই। তবে এ অভিযোগ অস্বীকার করে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ঢাকার ট্রেন রাজশাহী স্টেশন থেকে বন্ধ ঘোষনা করা হলেও পাবনার ঈশ্বরদী থেকে চালু থাকবে।

এজন্য এ সময়ের মধ্যে যাদের অগ্রীম টিকিট কাটা আছে তাদের ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত স্টেশনের কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হবে। তবে কিছু সীমাবদ্ধতার কারণে অনলাইনের মাধ্যমে কাটা টিকিটের টাকা ফেরত দিতে পারছেন না বলে স্বীকার করেছেন ব্যবস্থাপক আবদুল করিম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন