১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খালেদা জিয়ার হার্ট-কিডনিতে সমস্যা রয়েছে

প্রকাশিত: ৫ জুন ২০২১, ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
খালেদা জিয়ার হার্ট-কিডনিতে সমস্যা রয়েছে
বিজ্ঞাপন

এফএনএস : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফুসফুসে এখন আর পানি জমে নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার হার্ট এবং কিডনিতে কিছু সমস্যা রয়েছে বলে জানান তিনি। গতকাল শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মির্জা ফখরুল আরও বলেন, কোভিড পরবর্তী কতগুলো রিঅ্যাকশন হয়েছিল এবং আরেকটি রিঅ্যাকশন, যেটা বিপজ্জনক ছিল, তার রক্তে কিছুটা ইনফেকশন হয়েছিল।

আল্লাহর রহমতে এবং ডাক্তারদের অত্যন্ত বিচক্ষণতায়, তাদের আন্তরিকতায় সেই ইনফেকশনটা দূর হয়েছে। যেহেতু ওইখানে (সিসিইউ) সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সে কারণে ওঁরা তাকে বিশেষ কেবিনে স্থানান্তর করেছেন। বিএনপি মহাসচিব বলেন, তিনি একেবারেই যে সুস্থ হয়ে গেছেন তা নয় কিন্তু। বলা যেতে পারে, এখনও একটা হেজার্ডাস অবস্থার মধ্যে আছেন, ভানলারেবল অবস্থার মধ্যে আছেন। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশ সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, তথ্য ও গবেষণা সম্পাদক জেড খান রিয়াজউদ্দীন নসু, সহ-বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

খালেদা জিয়াকে দীর্ঘ এক মাস পর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে গত বৃহস্পতিবার বিকেলে কেবিনে স্থানান্তর করা হয়। গত ১১ এপ্রিল তার করোনা সংক্রমণ শনাক্ত হয়। শুরুতে বাসায় চিকিৎসা নিলেও গত ২৮ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন