স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আনারুল ইসলাম টুটুল (৩২) নামের এক ফ্রিল্যান্সার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকায় ঋণগ্রস্ত ও পাওনা টাকা না পেয়ে হতাশায় তিনি এই আত্মহননের পথ বেছে নেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত টুটুল নগরীর হোসনিগঞ্জ এলাকার বাসিন্দা। বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ বলেন, রোববার দিবাগত রাত ৩টার পরে যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি যেহেতু সারারাত জেগে সকালে ঘুমান তাই বাড়ির লোকজনের জানতে দেরি হওয়ায় আমাদের জানতেও দেরি হয়েছে। বাসার লোকজনই বেলা ১১টার দিকে জানতে পেরে পুলিশকে খবর দেয়। তার তিন ছেলেমেয়ে রয়েছে। তিনি অনেক ঋণগ্রস্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে। তিনি আরও বলেন, মারা যাওয়ার আগে রোববার রাত ১১টা ১৩ মিনিটে আনারুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে জানান- তিনি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা করেছেন। কিন্তু দীর্ঘ সময় অসুস্থতার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। আবার কিছুটা সুস্থ হলে আবার তিনি ফ্রিল্যাসিং শুরু করেন।
তিন মাস যেতে না যেতেই আবার অসুস্থ হয়ে পড়েন। এইজন্য তাকে কাজ বন্ধ রাখতে হয়। আয় বন্ধ হয়ে যাওয়ায় ঋণগ্রস্ত থাকায় তার পরিবারে ব্যাপক অভাব-অনটন দেখা দেয়। এছাড়া স্ট্যাটাসে উল্লিখিত আইটি প্রতিষ্ঠানের কাছে পাওনা ১৭ লাখ টাকা না পাওয়ায় হতাশাবোধও তৈরি হয়। এসব কারণেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি। ওসি নিবারন চন্দ্র বর্মণ বলেন, মৃত ফ্রিল্যান্সারের লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।