বাগমারার দ্বীপপুর স্কুলে ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ অনিয়মের অভিযোগ
স্টাফ রিপার্টার : রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অভিযোগ উঠেছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে বিধি লঙ্ঘন করে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যোগসাজসের মাধ্যমে কর্মচারী নিয়োগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ক.ম মোসাদ্দেকুর রহমান। জমিদাতা মোশাররফ হোসেন জানান, আমাদের পৈত্রিক ২৪শতক জমি ৩ ভাইয়ের মধ্যে একভাই স্কুলের নামে রেজিস্ট্রি করে দেয়।
শর্ত ছিল যে, ওই বিদ্যালয়ে বিধি মোতাবেক আমাদের পরিবারের লোকজনকে চাকুরী দিবে। কিন্তু বর্তমান প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাদের নিজেদের লোকজনকে যোগসাজসের মাধ্যমে নিয়োগ দেয়ার চেষ্টা করছে। সেই লক্ষ্যে গোপনে পেপার বিজ্ঞপ্তি দিয়ে অর্থের বিনিময়ে চাকুরী দেয়ার চেষ্টা করছে। কখন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তা এলাকাবাসীকে জানানো হয় নি। আমরা এলাকাবাসী ও জমিদাতাগণ ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য দাবী করছি।
এ ব্যপারে দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন অনিয়ম করা হয়নি। বিধি মোতাবেক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার মাধ্যমে সার্কুলার করা হয়েছে। এখনও কোন নিয়োগ বোর্ড গঠন করা হয়নি। এলাকাবাসী ও পরিচালনা কমিটি চাইলে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিতে কোন আপত্তি নেই। উল্লেখ্য, দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ে মোট ৩জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। পদগুলো হলো, আয়, নৈশ প্রহরী ও পিওন।
