গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ ২ জন আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জাহানাবাদ গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারণপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও আলাউদ্দিনের ছেলে মোস্তফা হোসেন (২৭)।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান চালায়। তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুর রহমান, এএসআই রাসেল রানা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান চালান। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
