রাজশাহীর সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে কর্মরত অস্বচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও মৃত সাংবাদিকদের পরিবারের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করা হয়। এদিন পাঁচ সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবার পায় বরাদ্দকৃত চেক। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকে সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ: সভাপতি সমাজসেবী শাহীন আক্তার রেনী। বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক।
এদিন প্রয়াত সাংবাদিক বুলবুল চৌধুরী ও তবিবুর রহমান মাসুমের পরিবারের জন্য (রাজশাহী প্রেসক্লাবের সুপারিশকৃত) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মরণোত্তর তিন লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সুপারিশে তিন জন সাংবাদিককে ৫০ হাজার করে মোট দেড় লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
