৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফিলিস্তিনে গণহত্যা ও সাংবাদিক গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া

প্রকাশিত: ২০ মে ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ফিলিস্তিনে গণহত্যা ও সাংবাদিক গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস গণহত্যা ও প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল বুধবার (১৯ মে) সকালে এক ভার্চুয়ালি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাংগঠনিক ও দেশ এবং দেশের বাইরের বিভিন্ন পরিস্থিতি নিয়ে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলী এই ভার্চুয়ালি সভার আয়োজন করে।

সভায় ইসরায়েলি আগ্রাসন ও নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসিবে উল্লেখ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচারের দাবি করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর ইসরায়েলের এমন আচরণ; বর্বর গণহত্যার সামিল। সময় এসেছে সকল মুক্তিকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্টের দাবিকে বাস্তবায়ন করার।’

সভায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনা নিয়েও কথা বলেন দেশের বামপন্থি রাজনীতির অন্যতম এই গুরুত্বপূর্ণ নেতা। একজন সিনিয়র সাংবাদিকের প্রতি রাষ্ট্রীয় কর্মকর্তাদের এমন আচরণের তীব্র সমালোচনা করেন তিনি। এসময় রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ফজলে হোসেন বাদশা।

সভার পরিশেষে রাজশাহী নগরীতে করোনা রোগীদের সেবায় নিয়োজিত থাকতে নগর কমিটির নেতাদের নিয়ে একটি কেন্দ্রীয় ভলান্টিয়ার টিম গঠন করেন ফজলে হোসেন বাদশা। যার নাম দেয়া হয়েছে ‘শহীদ জামিল আক্তার রতন ব্রিগ্রেট’। মূলত এই ভলান্টিয়ার রাজশাহী টিম সিটি করপোরেশন এলাকায় কোভিড আক্রান্ত রোগীদের বিভিন্ন সমস্যায় সহযোগিতা করবেন।

ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি লিয়াকত আলী লিকু। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ও নগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। উপস্থিত ছিলেন- মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, মনিরুজ্জামান মনির, নাজমুল করিম অপু, রমজান আলী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন