বন্ধুদের হাতে তরুণ খুন
এফএনএস : রাজধানীর উত্তরায় বন্ধুদের হাতে শাকিল হোসেন (২৪) নামে এক তরুণ খুন হয়েছেন। আহত হয়েছেন সাগর (২৩) নামে আরেক বন্ধু। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত রোববার রাতে উত্তরা পূর্ব থানা এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত শাকিল হোসেনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা রাত সাড়ে দশটায় তাকে মৃত ঘোষণা করেন। আহত সাগর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
নিহতের অপর বন্ধু জুবায়ের জানিয়েছেন, শনিবার কোনও এক বিষয় নিয়ে স্থানীয় ভুইয়া সাব্বির নামে একজনের সঙ্গে শাকিলের সঙ্গে মনোমালিন্য হয়। গত রোববার সাব্বিরের ইফতার পার্টিতে শাকিলকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু সে সেখানে যাননি। পরে রাতে চটপটি ও ফুচকা খাওয়ার জন্য শাকিল ও তার বান্ধবীকে দাওয়াত করেন সাব্বির। শাকিল তার বান্ধবীকে নিয়ে বন্ধু সাগরের মোটরসাইকেলে করে আব্দুল্লাহপুর বেরিবাঁধ আইচি হাসপাতালের পাশে যান। সেখানে সাব্বির তাদের রিসিভ করেন এবং শাকিলকে বলেন, তোদের দু’জনকে আসতে বলেছিলাম।
পরে বান্ধবী ও সাগরকে সেখানে বসিয়ে রেখে, কথা আছে বলে শাকিলকে আলাদা করে একটু দূরে নিয়ে যান। সেখানে সাব্বির, দুধ শামীম, সিকদার মৃদুলসহ আরও কয়েকজন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে বন্ধু সাগর এগিয়ে গেলে তাকে আহত করে সাব্বিরসহ অন্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের কে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শাকিলকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর বিষয়টি স্বজনরা নিশ্চিত হয়ে, জরুরি বিভাগ থেকে জোরপূর্বক লাশ নিয়ে চলে যান। বিষয়টি নিশ্চিত করেন পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। নিহতের ভাই শাহাদাত হোসেন জানিয়েছেন, তার ভাই শাকিল ইন্টারনেটের কাজ করতেন, বিভিন্ন প্রোগ্রামে ড্যান্সার ছিলেন। তিনিই জানান, সাব্বির নামে তাদের এক বন্ধু তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা তার বিচার চাই।
