পদ্মায় থেমে থাকা বাল্কহেডে ধাক্কা স্পিডবোটের ২৬ যাত্রীর মৃত্যু
এফএনএস : মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে থেমে থাকা বালুবোঝাই বাল্কহেডে স্পিডবোটের ধাক্কায় ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনকে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ওসি মিরাজ হোসেন। ওসি জানান, শিমুলিয়া থেকে গতকাল সোমবার সকাল পৌনে ৭টায় স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এ সময় সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৪টি লাশ উদ্ধার করা হয়। ৬ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় স্পিডবোটের চালক শাহ আলমকে আটক করেছে পুলিশ। এদিকে গতকাল সোমবার রাত আটটা পর্যন্ত নিহতদের মধ্যে ২৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-খুলনার তেরখাদা উপজেলার বারুখালির মনির মিয়া (৩৮), হেনা বেগম (৩৬), সুমি আক্তার (৫) ও রুমি আক্তার (৩), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙা গ্রামের আরজু শেখ (৫০) ও ইয়ামিন সরদার (২), মুন্সিগঞ্জ সদর উপজেলার সাগর ব্যাপারী (৪০), কুমিল্লার দাউদকান্দির কাউসার আহম্মেদ (৪০) ও রুহুল আমিন (৩৫), মাদারীপুর জেলার রাজৈরের তাহের মীর (৪২), কুমিল্লা তিতাসের জিয়াউর রহমান (৩৫), মাদারীপুরের শিবচরের হালান মোল্লা (৩৮) ও শাহাদাত হোসেন মোল্লা (২৯), বরিশালের তেদুরিয়ার আনোয়ার চৌকিদার (৫০), মাদারীপুর রায়েরকান্দি মাওলানা আব্দুল আহাদ (৩০),
চাঁদপুর জেলার উত্তর মতলব মো. দেলোয়ার হোসেন (৪৫), নড়াইলের লোহাগড়া রাজাপুর জুবায়ের মোল্লা (৩৫), মুন্সিগঞ্জ সদরের সাগর শেখ (৪১), বরিশালের মেহেন্দিগঞ্জের সায়দুল হোসেন (২৭) ও রিয়াজ হোসেন (৩৩), ঢাকা পীরেরবাগ খেরশেদ আলম (৪৫), ঝালকাঠি নালসিটির এসএম নাসির উদ্দীন (৪৫), বরিশাল মেহেন্দিগঞ্জের মো. সাইফুল ইসলাম (৩৫), পিরোজপুরের চরখামার মো. বাপ্পি (২৮), পিরোজপুরের ভান্ডারিয়ার জনি অধিকারী (২৬)। এরমধ্যে ২১ জনের লাশ স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ২৬ জনের মৃত্যুর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাদারীপুর জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন, শিমুলিয়া বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, মাদারীপুর শিবচর চরজানাজাত নৌ-পুলিশ ইনচার্জ শেখ মো. আবদুর রাজ্জাক ও নারায়ণগঞ্জ পাগলা বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. আসমাদুল।
গতকাল সোমবার দুপুরে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এই তথ্য জানিয়েছেন। এছাড়া মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, লাশ বহন ও দাফন খরচ বাবদ নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
