বোরো ধান-চাল সংগ্রহ শুরু, কোনো সিন্ডিকেট সহ্য করা হবে না : খাদ্যমন্ত্রী
এফএনএস : চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের ধান ও চাল সংগ্রহ কর্মসূচি হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানী থেকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ধান কেনার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪০টাকা কেজি দরে ১০ লাখ টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বুধবার থেকে ধান কেনা শুরু হয়েছে।
আগামী ৭ মে থেকে শুরু হবে চাল কেনা। ধান ও চাল কেনা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধান কেনা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগের নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, রাজশাহী বিভাগের নওগাঁ ও বগুড়া জেলা, রংপুর বিভাগের দিনাজপুর জেলা এবং সিলেট বিভাগের সিলেট সদর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ- এই ৯টি জেলার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক এবং কৃষক প্রতিনিধিরা অনলাইনে সংযুক্ত ছিলেন। খাদ্যমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদেরকে সঠিকভাবে নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিধান করে ধান সংগ্রহের মাধ্যমে মজুত ত্বরান্বিত করার নির্দেশনা দেন।
গুদামে ধান দেয়ার সময় কৃষককে যাতে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি ধান এবং চালের মানের সঙ্গে কোন প্রকার আপোশ করা হবে না বলেও জানান তিনি। এছাড়া যে সব উপজেলায় অ্যাপসের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনা হবে; সেখানে যদি কোন কৃষক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে সমস্যায় পড়েন তা হলে সংশ্লিষ্ট কমিটিকে বিষয়টির গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করার নির্দেশ দেন সাধন চন্দ্র মজুমদার। এ সময় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরে মহাপরিচালক শেখ মুজিবর রহমানসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহে কোনো সিন্ডিকেট সহ্য করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, সংগ্রহের ক্ষেত্রে ধানের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো আপোশ করা হবে না। সে বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের প্রধান দপ্তর থেকে শুরু করে মাঠ পর্যায়ের সব কর্মকর্তা কর্মচারীদের সতর্কতার সঙ্গে সচেষ্ট থাকতে হবে। সরকার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ নানা সুযোগ সুবিধা অব্যাহত রেখেছে। গতকাল বুধবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সঙ্গে নওগাঁ জেলারও বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা যুক্ত হয়। মিল মালিক, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও খাদ্যগুদামে কর্তব্যরত শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সময় মতো চুক্তি সম্পাদন করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বিপরীতে দেয়া চাহিদাপত্র অনুযায়ী ধান গুদামে সরবরাহ করতে হবে। কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়।
ভালো ব্যবহার করাসহ সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট সহ্য করা হবে না। জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুখ হোসেন পাটওয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক কৃষিবিদ সামশুল ওয়াদুদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন,
জেলা চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার প্রমুখ। উল্লেখ্য, জেলায় চলতি বোরো মৌসুমে ২৭ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৬৯৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে নওগাঁ সদর, মহাদেবপুর এবং নিয়ামতপুর উপজেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে এবং অন্যান্য উপজেলায় সাধারণ পদ্ধতিতে ধান সংগ্রহ করা হবে।
