১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইজারা পদ্ধতিতে দ্রুত চালু হবে বন্ধ পাটকল : মন্ত্রী

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ১০:১২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ইজারা পদ্ধতিতে দ্রুত চালু হবে বন্ধ পাটকল : মন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ থাকা মিলগুলো দ্রুততম সময়ে ভাড়াভিত্তিক/ইজারা পদ্ধতিতে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিজ্ঞপ্তির আওতায় দেশি-বিদেশি উদ্যোক্তারা লিজ গ্রহণের সুযোগ পাবেন।

এ ক্ষেত্রে সরাসরি বৈদেশিক বিনিয়োগকে (এফডিআই) অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে। গোলাম দস্তগীর গাজী বলেন, পৃথিবীজুড়ে পাটের কদর ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাটচাষিরা বর্তমানে কাঁচা পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন। চলতি পাট মৌসুমে কাঁচা পাটের গড়দর ৩ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ফলে পাটচাষিরা এ মৌসুমে অধিক পরিমাণে পাট চাষে আগ্রহী হচ্ছেন। তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে চারটি মিলের (জাতীয়, খালিশপুর, দৌলতপুর ও কেএফডি) শ্রমিকদের বকেয়া মজুরি ২০২০ সালের আগস্ট মাসে পরিশোধ করা হয়েছে।

অবসরপ্রাপ্ত ও অবসায়নকৃত ৩৪ হাজার ৭৫৭ জন স্থায়ী শ্রমিকদের পাওনাদি ২ লাখ টাকার ঊর্ধ্বে পাওনার ক্ষেত্রে অর্ধেক নগদে ও অর্ধেক তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে পরিশোধের সিদ্ধান্ত আছে। সিদ্ধান্ত অনুযায়ী ২১টি মিলের সবগুলোতে নগদ অংশ পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ পর্যন্ত ১৭৬৯.৪১ কোটি টাকা পাওয়া গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন