১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ত্রাণ প্রতিমন্ত্রীর পিও সুজনকে অব্যাহতি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ত্রাণ প্রতিমন্ত্রীর পিও সুজনকে অব্যাহতি
বিজ্ঞাপন

এফএনএস : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ব্যক্তিগত কর্মকর্তার (পিও) পদ থেকে সাইদুর রহমান সুজনকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত নন। তার স্থলে আবু ওবায়দা নামে একজনকে নিয়োগ দেয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, উদ্ধত আচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য আগে থেকেই সমালোচিত ছিলেন সুজন। অস্থায়ী এ পদে তার নিয়োগের মেয়াদ আর না বাড়িয়ে গত ৩১ মার্চ তাকে অব্যাহতি দেয়া হয়।

পরে ওই পদে আবু ওবায়দাকে নিয়োগ দেয়া হয়। এ কারণে দীর্ঘদিন ধরেই সুজনকে প্রতিমন্ত্রীর আশপাশে আর দেখা যাচ্ছিল না। কিন্তু অব্যাহতির বিষয়টি গোপন করে সুজন নিজেকে বরাবরের মতোই প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে পরিচয় দিয়ে নানা পরিসরে প্রভাব খাটিয়ে আসছিলেন। এই প্রতারণার অংশ হিসেবে তিনি সবসময় প্রতিমন্ত্রীর বিভিন্ন স্ট্যাটাস কপি করে তা ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন। সম্প্রতি খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্লাটফর্ম ফুডপান্ডার এক কর্মীকে প্রকাশ্যে লাঞ্ছনা এবং মারধর করে আলোচনায় আসেন সুজন।

বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসার পর সুজনের কর্মকাণ্ডে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সুজনের বিরুদ্ধে ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে কেউ ব্যক্তিগত সুবিধা নেবার চেষ্টা করলে ভুক্তভোগীকে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া তার সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার বিষয়েও সবাইকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার (পিও) পদটি স্থায়ী নয়। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ইচ্ছে অনুযায়ী এ পদে নিয়োগ এবং সন্তুষ্টিসাপেক্ষে তাদের চাকরির মেয়াদ নির্ধারিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন