শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়া লীগের নিজস্ব ইতিহাস তৈরির কারখানা নেই : ওবায়দুল কাদের

Paris
Update : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

এফএনএস : আওয়ামী লীগের নিজস্ব ইতিহাস তৈরির কোনো কারখানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ নাকি নিজস্ব ইতিহাস তৈরি করছে- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের নিজস্ব ইতিহাস তৈরির কোনো কারখানা নেই, আওয়ামী লীগ ইতিহাসের মীমাংসিত সত্যের প্রতি শ্রদ্ধাশীল এবং এর চর্চা অনুসরণ করে। গতকাল রোববার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পূর্বাপর ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ককে বাদ দিয়ে রচনা করতে চেয়ছিল খণ্ডিত ও বিকৃত ইতিহাস। ইতিহাসের নায়কদের বিএনপি ভিলেনে রূপ দেওয়ার অপচেষ্টা করেছিল, তারা স্বাধীনতার ঘোষণা পাঠককে ঘোষক বানাতে চেয়েছিলেন। ইতিহাসের ফুটনোটকে তারা ইতিহাসের নায়ক বানাতে চেয়েছিলেন।

হাতের তালু দিয়ে যেমনি সূর্যকে ঢাকা যায় না, তেমনি স্বাধীনতার ইতিহাসও আজ স্বমহিমায় সমুজ্জ্বল। যারা ইতিহাসের পায়ে শিকল পরিয়েছিল, আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে। তাইতো তারা বেপরোয়া হয়ে উঠেছে, শুরু করছে পুরনো খেলা এবং চর্চা করছে অগণতান্ত্রিক পথ, যোগ করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, জনগণ এখন সজাগ রয়েছে স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও স্বাধীনতার মূল্যবোধ বিনষ্টের বিরুদ্ধে।

আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা ছাড়া সবাইকে বৃহত্তর স্বার্থে ঘরে থাকার জন্য আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় সরকার লকডাউন ঘোষণা করে।

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন। এ সময় জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে অবস্থান করতে হবে আমাদের বৃহত্তর স্বার্থে। চলমান লকডাউন ১১ এপ্রিল শেষ হবে। কিন্তু ১২ ও ১৩ এপ্রিল প্রথম ধাপের বা চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে।


আরোও অন্যান্য খবর
Paris