শিবগঞ্জে বালুতে পুঁতে রাখা সেই শিশুর ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতকের ঠাঁয় হলো রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসে। বুধবার (০৪ নভেম্বর) দুপুরে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় আনুষ্ঠানিকভাবে তাদের পরিচালিত রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় গত মঙ্গলবার সকালে জালমাছমারীর একটি আমবাগান থেকে বালুর মধ্যে পুঁতে রাখা অবস্থায় একটি নবজাতককে (মেয়ে) উদ্ধার করে জালমাছমারীর বাসিন্দা গোলাপ হোসেন। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটি সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেন। পরে আইনি কার্যক্রম শেষে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়।-এফএনএস
