জুনায়েদ বাবুনগরীন মন্তব্য রিসোর্টকাণ্ড মামুনুলের ব্যক্তিগত বিষয়
এফএনএস : হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ড এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে সৃষ্ট বিতর্ককে তার ‘একান্ত ব্যক্তিগত বিষয়’ বলে মন্তব্য করেছেন সংগঠনের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এই অবস্থান থেকে এখনো মামুনুল হকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি হেফাজত। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গতকাল রোববার চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সংগঠনের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বাবুনগরী এ মন্তব্য করেন। গত ৩ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবস্থানকালে মামুনুল হককে ঘেরাও করা হয়। সেখানে তার সঙ্গে ছিলেন এক নারীও।
ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল। সেই নারী নিজেকে জান্নাত আরা ঝর্ণা বলে পরিচয় দেন। পরে মামুনুলের সঙ্গে তার প্রথম স্ত্রীসহ একাধিক ব্যক্তির ফোনালাপের রেকর্ড ফাঁস হয়। মামুনুলের দাবিকৃত দ্বিতীয় স্ত্রী জান্নাত আর ঝর্ণার প্রথম সংসারের বড় ছেলেরও একটি ভিডিও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ঝর্ণার প্রথম সংসারে ফাটলের পেছনে মামুনুলকে অভিযুক্ত করা হয়। এ বিষয়ে আলোচনা ওঠে সংসদেও। গত ৮ এপ্রিল বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে মামুনুল বলেন, ‘স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে।’
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই হাটহাজারীতে হেফাজত নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। মামুনুল হকের প্রসঙ্গে সাংবাদিকদের তরফ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে বাবুনগরী বলেন, আজকের সভায় কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি। মামুনুল হককে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা তার একান্ত ব্যক্তিগত। কাউকে অব্যাহতি দেয়ার কোনো কথা সভায় ওঠেনি। হেফাজত আমির সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, আমাদের মাদ্রাসায় পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। গ্রেপ্তার ও মামলা দায়ের বন্ধ করতে হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়েছে।
এসব বন্ধ না করলে ভবিষ্যতে কঠিন পরিণতি হবে। তিনি আরও বলেন, পুলিশ মাদ্রাসায় ঘুরে ঘুরে আয়ের উৎস কী, ছাত্র কতজন এবং কমিটিতে কে আছেন- এসব বিষয় নিয়ে তদন্ত করছে। এগুলো বন্ধ করতে হবে। এ সময় বাবুনগরী বলেন, করোনার দোহাই দিয়ে সরকার মাদ্রাসা-মসজিদ বন্ধ করার জন্য চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলছি, মসজিদে মুসল্লি সংখ্যা নির্ধারণ করে দেয়া যাবে না, রমজানে ইতিকাফ ও তারাবিহ বন্ধ করা যাবে না। রমজান মাসে কওমি মাদ্রাসায় একটা কালেকশন (অনুদান সংগ্রহ) হয়। ওই কালেকশন দিয়ে মাদ্রাসা সারাবছর চলে।
