সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যু প্রধানমন্ত্রীর শোক
এফএনএস : জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার মারা গেছেন। গতকাল শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসান শাহরিয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।
ইমপালস হাসপাতালের আইসিইউতে সকালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর শোক : সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ দেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
