করোনায় আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরেরর মহাপরিচালকের মৃত্যু
এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পরিবেশ অধিদপ্তরেরর মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ। গতকাল শনিবার ভোর সোয়া ৪টায় রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বেশ কয়েকদিন ধরে রফিক আহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ড. এ কে এম রফিক আহাম্মদ ১০ম বিসিএস ফোরামের সদস্য এবং প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব ছিলেন। ২০১৯ সালের ২২ মে পরিবেশ অধিদপ্তরেরর মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর একান্ত সচিব ও সিনিয়র সচিব এবং পরিবেশ অধিদপ্তরেরর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
শোক : পরিবেশ অধিদপ্তরেরর মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, তার মতো একজন সদালাপী, ধার্মিক, সৎ, দক্ষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কর্মকর্তা বিরল। কর্মজীবনে তিনি দেশের পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে স্মরণীয় হয়ে থাকবেন।
পৃথক এক শোকবার্তায় উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, তার মতো অমায়িক ও কর্মনিষ্ঠ কর্মকর্তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে এবং পরম করুণাময়ের কাছে তার মাগফিরাত ও বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
