এফএনএস : করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দলটিকে সরকারের অন্ধ সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দেয়ারও আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় বিএনপির প্রতি এমন আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সরকার যেকোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। কাদের বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিদিন মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাবে, গুজব ছড়াবে, উসকানি দেবে।
আর এসবের জবাব দিলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা এবং রাজনৈতিক বাতাবরণ দিয়ে বিতর্কিত করাই এখন বিএনপির রাজনীতি। তিনি আরও বলেন, বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে। এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উসকানি দিচ্ছে। বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উসকানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, সমালোচনার তীর ছোঁড়া আর মিথ্যাচারের বিষবাস্প ছড়ানো ছাড়া বিএনপি করোনাকালে জনকল্যাণে কী করেছে?
কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে? ওবায়দুল কদের বলেন, সকালে ঘুম থেকে জেগেই বলেন সরকারের সমন্বয় নেই। যেখানে মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোও যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অবিরাম কাজ করে যাচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। মানুষের জীবনের পাশাপাশি জীবিকার সুরক্ষায় সরকার সচেষ্ট দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমতাবস্থায় জনগণের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার করা প্রকারান্তরে সংক্রমণ রোধে বাধাগ্রস্ত করা।
বিএনপি অপকৌশল করে সম্মুখসারির যোদ্ধাদের মনবলে চিড় ধরাতে চায়, কিন্তু তারা সফল হবে না। ওবায়দুল কাদের আরও বলেন, এখানে সর্বদলীয় বিষয়ের চেয়ে জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতামতই বেশি জরুরি। বিশ্বের কোনো দেশে সংক্রমণ রোধ কিংবা চিকিৎসায় সর্বদলীয় কমিটির নজির নেই। গতকাল শনিবার ছিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।