এফএনএস : এ দেশের মুসলমানরা কোনো অপশক্তি বা ধর্মব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি- মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপপ্রয়াস জনগণকে সঙ্গে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে। গতকাল শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে লন্ডনের নেতৃত্বকে খুশি করতে এবং কর্মীদের রোষানল থেকে বাঁচতে আইসোলেশন থেকে হাঁক-ডাক ছাড়ছে বিএনপি। তাদের এসব হুমকি-ধামকি আষাঢ়ের তর্জন-গর্জন সার।
রাজনীতিকে বিএনপি জনগণের দ্বারপ্রান্তে থেকে তুলে এনে এখন আবাসিক রূপ দিয়েছে। ওবায়দুল কাদের বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের কর্মীরা দলের পক্ষে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে, তৃণমূলে পৌঁছে গেছে সরকারি সহায়তা। আর বিএনপি দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে আর করে যাচ্ছে কাল্পনিক অভিযোগ। যখন যে ইস্যু সামনে আসে তা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পরাশ্রয়ী আন্দোলন এবং গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় আরোহনের দিন শেষ হয়ে গেছে।
শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা রয়েছে, আর সেটাই শেখ হাসিনা সরকারের মূল শক্তি। জনগণ ভালো করেই জানে বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাওয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না। এ দেশের মুসলমানরা কোনো অপশক্তি বা ধর্মব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি। কতিপয় স্বার্থান্বেষী এবং উচ্চাভিলাসী লোকের স্বপ্নপূরণে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপপ্রয়াস জনগণকে সঙ্গে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে।