বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন ভারতীয় সেনাপ্রধান
এফএনএস : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। গতকাল শুক্রবার তিনি এ জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী বীণা নরভানে এবং সফরসঙ্গীরা। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, যৌথ সামরিক অনুশীলনের সমাপনীসহ বিভিন্ন আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে তার এ সফর।
গত বৃহস্পতিবার ঢাকায় আসেন মনোজ মুকুন্দ নরভানে। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ৪ এপ্রিল শুরু হওয়া যৌথ সামরিক অনুশীলনে বাংলাদেশি ও ভারতীয় সেনা সদস্যদের পাশাপাশি ভুটান ও শ্রীলঙ্কার সেনারা অংশ নিচ্ছেন। এই অনুশীলনে সামরিক পর্যবেক্ষক থাকছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সৌদি আরব, কুয়েত এবং সিঙ্গাপুর থেকে। সফরে জেনারেল নরভানে বাংলাদেশের সেনাপ্রধান, নৌ বাহিনীর প্রধান ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শনের পাশাপাশি ১১ এপ্রিল সেনাবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সে একটি সেমিনারে মূল বক্তব্য দেনেব ভারতীয় সেনাপ্রধান। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। ১২ এপ্রিল সোমবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপলক্ষে ’শান্তির অগ্রসেনা’ শীর্ষক যৌথ সামরিক অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন জেনারেল নরভানে।
