টিকা নিয়েও করোনা আক্রান্ত স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যর এডিজি
এফএনএস : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ (গতকাল শুক্রবার) বাসায় ফিরলাম। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. মো. রেহান উদ্দিন বলেন, তিনি (স্বাস্থ্য সেবা সচিব) কেবিনে ভর্তি আছেন। এখন তার তেমন কোনো জটিলতা নেই।
গত বৃহস্পতিবার রাত থেকে স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। গতকাল শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন আবদুল মান্নান। উল্লেখ্য, গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার। এদিকে করোনা ভাইরাসের টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। তিনি লিখেন- ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’ মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে গতবছর টানা কয়েকমাস নিয়মিত প্রেসব্রিফিং করার বদৌলতে অধ্যাপক নাসিমা সুলতানা দেশের মানুষের কাছে অতি পরিচিত মুখদের একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা গত ২৭ জানুয়ারি দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিন টিকাও গ্রহণ করেছিলেন। টিকা গ্রহণের দুই মাসেরও বেশি সময় পর তিনি করোনায় আক্রান্ত হলেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও পরিচালক (এমআইএস) অধ্যাপক মিজানুরসহ বেশ কয়েকজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হন।
