১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইউপিসহ ১১ এপ্রিলের সবগুলো নির্বাচন স্থগিত

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ৯:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ইউপিসহ ১১ এপ্রিলের সবগুলো নির্বাচন স্থগিত
বিজ্ঞাপন

এফএনএস : করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় দেশের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে কমিশন বৈঠক শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন স্থগিতের এ ঘোষণা দেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনের উপ-নির্বাচন, প্রথম ধাপে ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভার নির্বাচন, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলার জেলা পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের শূন্য সদস্য পদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।

আগামী ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল। এছাড়া লক্ষ্মীপুর-২ শূন্য আসনের নির্বাচন পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩ (৪) অনুসারে প্রজ্ঞাপন জারি করা হবে। আর সিলেট-৩ শূন্য আসনের নির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে। দেশের অবস্থা স্বাভাবিক হলে ফের নির্বাচন হবে। তবে পাবনার সুজানগরে স্থানীয় সরকারের একটি নির্বাচন ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ইসি সভাকক্ষে অনুষ্ঠিত কমিশন বৈঠকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়।

৩৩ শতাংশ নারী নেতৃত্বের বিষয়ে জানতে দলগুলোকে চিঠি দেবে ইসি: রাজনৈতিক দলের নারী নেতৃত্বের সর্বশেষ অবস্থা জানতে নিবন্ধিত দলগুলোকে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ৭৮তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভাশেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক দলের শর্ত পূরণের বিষয়টি এজেন্ডায় ছিল। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়ার। গণপ্রতিনিধিত্ব আদেশের শর্ত অনুযায়ী ২০২০ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের নারী নেতৃত্ব ৩৩ শতাংশ নিশ্চিত করার বাধ্যবাধকতা ছিল। এ ক্ষেত্রে দলগুলোর সর্বশেষ কী অবস্থা কমিশন দলগুলোকে চিঠি দিয়ে তার তথ্য নেয়া হবে।

এর আগে নির্বাচন কমিশন ২০১৮ সালে নিবন্ধিত দলগুলোকে চিঠি দিয়ে তাদের নারী নেতৃত্বের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছিল। ওই সময় চিঠি দিয়ে বেশিরভাগ দলগুলো তাদের অবস্থা জানানোর পাশাপাশি ২০২০ সালের মধ্যে শর্ত পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল কিছু দল। আবার কেউ কেউ সময় বাড়ানোর দাবি জানিয়েছিল। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের ৩৩ শতাংশ শর্ত পূরণের সময় বাড়াতে নির্বাচন কমিশন আইন সংশোধনী খসড়া করেছে। ওই খসড়ায় নারী নেতৃত্বের ৩৩ শতাংশ নিশ্চিত করার সময় ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দ্বৈত ভোটারের শুনানি মাঠ পর্যায়ে: অশোক দেবনাথ আরও জানান, বৃহস্পতিবারের বৈঠকে দ্বৈত ভোটারের বিরুদ্ধে মামলা এবং বিকল্পভাবে নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বৈঠকে মাঠ পর্যায়ে কমিটি করে শুনানি সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, অনেকে না বুঝে সরল বিশ্বাসে দ্বৈত ভোটার হয়েছেন। আবার অনেকে অসৎ উদ্দেশ্য নিয়ে দ্বৈত ভোটার হয়েছে। এজন্য মাঠ প্রশাসন থেকে কমিশন বিষয়টি যাচাই-বাছাই করবে। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি দ্বৈত ভোটারের বিষয়টি যাচাই-বাছাই করবে। সরল বিশ্বাসে কেউ দ্বৈত ভোটার হলে বিষয়টি নিষ্পত্তি করা হবে। আর অসৎ উদ্দেশ্যে কেউ ভোটার হলে ওই কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা হবে। দেশে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর থেকে প্রায় ৬ লাখের মতো নাগরিক দুইবার ভোটার হয়েছেন। আরও ৬ লাখের মতো নাগরিক দুইবার ভোটার হওয়ার চেষ্টা করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন