মোদির সফরের বিরোধিতা অব্যাহত রাখার ঘোষণা দিলো হেফাজত
এফএনএস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ জানিয়ে আসছে হেফাজতে ইসলাম। মোদির আমন্ত্রণপত্র বাতিলের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যথায় রাজপথে সংঘাতমূলক কর্মসূচি না থাকলেও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে হেফাজতে ইমসলাম। গতকাল সোমবার হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
জুনায়েদ আল হাবীব বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। উম্মতে মুসলিমার ইমান-আকিদার সংরক্ষণ এবং নাস্তিক মুরতাদ ও ইসলামবিদ্বেষী গোষ্ঠীর ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ইসলামের মর্যাদা সমুন্নত রাখা এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। একইসঙ্গে দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হেফাজতের নৈতিক কর্তব্য। তিনি বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত হেফাজতে ইসলাম-বাংলাদেশ ইমান-আকিদার সংরক্ষণে আপসহীন ও সাহসী ভূমিকা পালন করে আসছে।
অতিথিদের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের কাছে যার আরেক পরিচয় ‘গুজরাটের কসাই’। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, এমন কাউকে বাংলাদেশে নিয়ে আসা উচিত হবে না বা যার আগমণ এদেশের মানুষকে আহত করবে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন মুসলিমবিদ্বেষী হিসেবে সারা বিশ্বে পরিচিত। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে তার প্রত্যক্ষ নেতৃত্বে এবং হত্যাযজ্ঞের ইতিহাস ভুলে যাওয়ার মতো নয়। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস এবং সেখানে অন্যায়ভাবে মন্দির নির্মাণের সিদ্ধান্তে আমাদের হৃদয়ে রক্তপাত হয়।
এছাড়াও কাশ্মীরে মুসলিম নির্যাতন এবং নাগরিকত্ব আইনসহ প্রতিটি মুসলিমবিরোধী সিদ্ধান্তের মূলহোতা এই নরেন্দ্র মোদি। বছর খানেক আগে তার অনুসারীদের হাতে দিল্লিতে মুসলমানদের রক্তের বন্যা বয়ে গেছে। শত বছরের ঐতিহ্যবাহী মসজিদের মিনার ভেঙে সেখানে হিন্দুত্ববাদী গেরুয়া পতাকা টানানো হয়েছে। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের নামে আসামে লাখ লাখ মুসলমানকে বাংলাদেশি অভিহিত করে অনেকটা বন্দী করে রাখা হয়েছে। একই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মুসলমানদেরও অনিরাপদ অবস্থায় ঠেলে দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগরের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রেখেছি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। রাজপথে আমাদের কোনো সংঘাতমূলক কর্মসূচি থাকবে না। পরিস্থিতি বিবেচনায় আমরা যেকোনো কর্মসূচি বিবেচনায় নেব। তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব, এই মুহূর্তে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও পরিস্থিতির আলোকে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে যেকোনো কর্মসূচি ঘোষণা করতে পারি।
