শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার বিএনপির দপ্তরের দায়িত্বে সালেহ প্রিন্স

Paris
Update : রবিবার, ২১ মার্চ, ২০২১

এফএনএস : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর অনুপস্থিতিতে আবারও বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিজভী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রিজভী এখন করোনা আক্রান্ত হওয়ায় তাকে আরও বেশ কিছুদিন চিকিৎসাধীন ও বিশ্রামে থাকতে হবে।

গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ-সংক্রান্ত একটি চিঠি প্রিন্সের হাতে তুলে দেন বলে জানিয়েছেন প্রিন্স নিজেই। চিঠিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।

গতকাল শনিবার দলীয় কার্যালয়ে অফিস করেছেন প্রিন্স। এমরান সালেহ প্রিন্স এর আগে দলের কেন্দ্রীয় সহ-দপ্তর ও সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, গত ১৭ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা শেষে গাড়িতে উঠার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় তার হার্টের একটি ব্লক ইনজেকশনের মাধ্যমে সারিয়ে তোলা হয়। এরপর তার হার্টে একটি রিং পড়ানো হয়।


আরোও অন্যান্য খবর
Paris