তিন জেলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
এফএনএস : সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হাটশিলা গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতুল একই গ্রামের রিপন মিয়া ও মলিকা খাতুন দম্পতির মেয়ে। বাবা রিপন মিয়া জানান, সকালে পাশের দোকান থেকে মিষ্টি কেনার জন্যে যায় জান্নাতি।
এদিকে ফিরে আসতে দেরি হলে তার মা মলিকা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে জান্নাতির নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মেয়েকে নিয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কুষ্টিয়ার খোকসায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হামিম (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জয়নাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হামিম ওই এলাকার হারুন আলীর ছেলে। স্থানীয়রা জানায়, হামিম দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা দেখে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। অন্যদিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে পানিতে ডুবে লিমন মিয়া (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সরকারি আদিতমারী জি এস মডেল উচ্চবিদ্যালয় ও কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।
লিমন একই উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারি এলাকার আরিফুল ইসলামের ছেলে। ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশে সরকারি ওই বিদ্যালয় ও কলেজের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে যায় লিমন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।
