১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

র‌্যাবের নতুন এডিজি কর্নেল কে এম আজাদ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
র‌্যাবের নতুন এডিজি কর্নেল কে এম আজাদ
বিজ্ঞাপন

এফএনএস : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশনস্) দায়িত্ব গ্রহণ করেছেন কর্নেল কে এম আজাদ। গতকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্যবিদায়ী কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ৯ মার্চ সেনাবাহিনী থেকে প্রেষণে র‌্যাবে যোগ দেন কর্নেল কে এম আজাদ। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, কর্নেল কে এম আজাদ ৩২তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন।

তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কর্নেল পদবিতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বীর) ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কে এম আজাদ একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সেনাসদরের সামরিক গোয়েন্দা পরিদপ্তরের স্টাফ অফিসার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা হিসেবে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে মিলিটারি অবজারভার এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আইভোরি কোস্ট, ব্যানবাট-৩ এ কর্মরত ছিলেন। চাকরির ধারাবাহিকতায় তিনি ২০১৯ সালের ২৫ আগস্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত হন। কর্নেল আজাদ ইতঃপূর্বে র‌্যাব ফোর্সেসে অত্যন্ত সুনাম ও সাফল্যের সঙ্গে চাকরি করেছেন। সর্বশেষ তিনি র‌্যাব ফোর্সেস সদরদপ্তরের পরিচালক, অপারেশনস্ উইংয়ের দায়িত্ব পালন করেন।

তিনি র‌্যাব-২ এর অধিনায়ক হিসেবেও নিযুক্ত ছিলেন। এ ছাড়া তিনি গোয়েন্দা শাখার উপপরিচালক, র‌্যাব-৭ এর উপঅধিনায়ক এবং কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। র‌্যাবে দায়িত্ব পালনকালে তিনি সুন্দরবনে জলদস্যু আত্মসমর্পণ এবং হলি আর্টিজান জঙ্গি হামলা মোকাবিলায় এবং অন্যান্য আভিযানিক কর্মকাণ্ডে প্রশংসনীয় অবদান রেখেছেন।

কে এম আজাদ র‌্যাবে কর্মরত থাকাকালীন অপরাধ নিয়ন্ত্রণ, আভিযানিক কর্মকাণ্ড, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)- সেবা’য় ভূষিত হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন