এফএনএস : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ শুধু দিয়েই যাচ্ছে। কিছু পাচ্ছে না। আমরা এখন পর্যন্ত সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে পারিনি। নদীগুলোর হিস্যা পাইনি। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওরে দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে আরও বলেন, আজ যারা সরকারে আছে তারা নির্বাচিত নন।
তারা বেআইনীভাবে নিজেদের নির্বাচিত ঘোষণা করে, নির্বাচনের আগের রাতে ভোট করে ক্ষমতা দখল করে বসে আছেন। আর এখন ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখার জন্য তারা নির্যাতন নীপিড়ন চালাচ্ছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। অনির্বাচিত সরকার একনায়কতন্ত্র কায়েম করেছে। সরকার আইনের আশ্রয় নিয়ে দেশে এমন কিছু আইন তৈরি করেছে যেগুলো মানুষের অধিকার ক্ষুণ্ন করছে।
ডিজিটাল নিরাপত্তা আইন করে তারা আজ গোটা দেশের সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করে ফেলেছে এবং রাষ্ট্রবিরোধী আইন করেছে। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পযর্ন্ত ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, ক্ষমতাসীন বা সরকার নিজেদের প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি পালনের অধিকার হরণ করেছে।
তিস্তাচুক্তি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, সরকার তিস্তা চুক্তি করবে না। বহুদিন আগে থেকেই তারা বলছে চুক্তি করবে। কিন্তু এখন পর্যন্ত তারা করেনি। পররাষ্ট্রমন্ত্রী যা বলছেন তা সঠিক নয়। ১০ বছর আগে কোনো চুক্তি হয়নি। চুক্তি হলে তো আমরা পানি পেতাম।