২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাশার আল আসাদের স্ত্রীর বিরুদ্ধে ব্রিটেনে তদন্ত শুরু

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ৯:৫৫ অপরাহ্ণ | বিভাগ: বিশ্ব
বাশার আল আসাদের স্ত্রীর বিরুদ্ধে ব্রিটেনে তদন্ত শুরু
বিজ্ঞাপন

এফএনএস : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদের বিরুদ্ধে একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে ব্রিটেনের পুলিশ। আসমার বিরুদ্ধে অভিযোগ, তিনি সিরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও উৎসাহ দিয়েছেন। আসমা আল আসাদ একই সঙ্গে সিরিয়া ও ব্রিটেনের নাগরিক। তবে অভিযোগ প্রমাণিত হলে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ স্কাই নিউজকে রোববার জানিয়েছে, তারা গত বছরের জুলাইতে একটি সুপারিশ পেয়েছে যার সঙ্গে সিরিয়ায় চলমান সংঘর্ষের সম্পর্ক রয়েছে।

পুলিশ আরও জানায়, সুপারিশটি যুদ্ধাপরাধ ইউনিটের কর্মকর্তাদের পর্যালোচনায় রয়েছে। গুয়ের্নিকা ৩৭ নামে লন্ডন ভিত্তিক একটি যুদ্ধ-কেন্দ্রিক আন্তর্জাতিক আইন বিষয়ক সংস্থা আসমার বিরুদ্ধে এই অভিযোগ তোলে। এ সম্পর্কে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজের জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। স্বাধীন ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি এও নিশ্চিত করে যে, রাষ্ট্র তার নাগরিকের কাজের দায়ভার নেয়।’

গুয়ের্নিকা ৩৭ এর প্রতিষ্ঠাতা টবি ক্যাডম্যান বলেন, ‘তার (আসমা) ওপর সন্দেহ রয়েছে যে তিনি কিছু কর্মকাণ্ডে উসকানি দিয়েছেন যার ফলে সিরিয়ায় প্রাণহানির ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক, প্রকাশ্যে বক্তব্য দেয়া, সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে মহিমান্বিত করা প্রভৃতির ফলে সিরিয়ায় পাঁচ লাখ মানুষের মৃত্যু এবং রাসায়নিক ও অন্যান্য অস্ত্রের ব্যবহার হয়েছে। তিনি প্রেসিডেন্টের স্ত্রী এটিই শুধু একমাত্র ব্যাপার নয়, আমাদের অভিযোগ হল তিনি সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন এবং এসব অপরাধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘এর ফলে তার নাগরিকত্ব কেড়ে নেয়া হতে পারে। আমরা অবশ্যই তা চাইনা, আমরা চাই তাকে বিচারের মুখোমুখি করা হোক।’ আসমা আল আসাদ পেশায় একজন ব্যাংকার। সিরিয়ায় ১০ বছর আগের আরব বসন্তের সময় থেকেই তিনি সরকার বিরোধীদের দমনে উচ্চকণ্ঠ ছিলেন। সিরিয়া যুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। দীর্ঘ দিনের যুদ্ধের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়া। বর্তমানে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী দেশটির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন