শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির অগণতান্ত্রিক আচরণ গণতন্ত্রের ধারা বিঘ্নিত করছে : কাদের

Paris
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

এফএনএস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং রাজনীতি এদেশের গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে। গতকাল সোমবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা। বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না। তিনি আরও বলেন, বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র।

জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ মুজিব আদর্শের সৈনিকেরা রাজপথ ভয় পায় না। আন্দোলনে বাধা দিলে বিএনপি বিকল্প পথে আন্দোলন করবে, এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেয়ার দরকার হয় না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বিরোধী মত দমাতে ভয়ঙ্কর কোনো শক্তি কাজ করছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের ‘সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে’ তার প্রতি আহ্বান জানান। দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই, বিএনপির এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের সমালোচনার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়নি, সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।

বিএনপিই এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিল আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতা-কেন্দ্র তৈরি করেছিলো। বর্তমানের শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে অথচ বিএনপি কোনোরূপ সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বারবার থামিয়ে দিচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris