১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফের ৩ দিনের রিমান্ডে পি কে হালদারের বান্ধবী অবন্তিকা

প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ৩:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ফের ৩ দিনের রিমান্ডে পি কে হালদারের বান্ধবী অবন্তিকা
বিজ্ঞাপন

এফএনএস : ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালের আবারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অবন্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১৩ জানুয়ারি মানি লন্ডারিং আইনে করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ দিন দুপুর ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, পি কে হালদারের সঙ্গে যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অবৈধ ব্যবসা ও কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকে আসতে বলা হয়। দুদক উপপরিচালক তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত নোটিশে গত ২৮ ডিসেম্বর সকাল ১০টায় তাকে হাজির হতে বলা হয়।

দুদকের চিঠি পাওয়ার পরও তিনি যথাসময় হাজির হননি। ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হাজির হতে পারেননি বা কবে হাজির হতে পারবেন- এ বিষয়েও লিখিত বা ফোনে দুদককে অবহিত করেননি অবন্তিকা। গত বছরের জানুয়ারিতে ২৭৪ কোটি ৯১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। পরে দুদকের অধিকতর তদন্তে দেশে-বিদেশে পি কে হালদারের আরও বিপুল সম্পদের তথ্য মেলে। বিদেশে পলাতক পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহায়তা চেয়ে চিঠি দেয় দুদক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন