১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রোহিঙ্গা ক্যাম্পে মিললো ৩ কোটি টাকার ‘আইস’

প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ৩:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
রোহিঙ্গা ক্যাম্পে মিললো ৩ কোটি টাকার ‘আইস’
বিজ্ঞাপন

এফএনএস : কক্সবাজারের টেকনাফে ক্যাম্প এলাকায় মাদক তৈরির উপকরণ আইসের বড় চালানসহ মো. আব্দুল্লাহ (৩১) নামে এক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এই আইসের মূল্য প্রায় তিন কোটি টাকা। আটক পাচারকারী টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা গুলাল নবীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের কার্যালয়ে সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদক আইস বা ক্রিস্টাল মেথ এর চালান মিয়ানমার থেকে এসেছে। জাদিমুড়া ক্যাম্প এলাকায় দুই সহোদরের বাড়িতে চালানটি মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদের খবরে বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুই কেজি আইসের চালানসহ ওই পাচারকারিকে আটক করা হয়। এ সময় তার ভাই আবদুর রহমান পালিয়ে যেতে সক্ষম হয়। এই মাদকের আনুমানিক মূল্য দুই কোটি ৮০০ লাখ টাকার মতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা জানান, বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মাদককারবারি চক্র আইস পাচারের রাস্তা তৈরির চেষ্টা করে আসছে। পাঁচ মাস আগে টেকনাফের নোয়াখালী পাড়ায় এই মাদক সেবন করতে গিয়ে একজন মারা যায়। এই মাদক ইয়াবার চেয়ে ১০০ গুণ বেশ শক্তিশালী। এখনই এই অপতৎপরতা বন্ধ করতে না পারলে ইয়াবার মতো আইসে পুরো দেশ সয়লাব হয়ে যেতে পারে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন