১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সুখকর নয় : ইউজিসি

প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ৭:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সুখকর নয় : ইউজিসি
বিজ্ঞাপন

এফএনএস : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সুখকর নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সদস্য। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর উপস্থিতিতে এক অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর বিশ্বজিৎ চন্দ এ কথা বলেন। প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সুখকর নয়। কারণ শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি। ভবিষ্যতে সম্মানিত উপাচার্যদের বিরুদ্ধে যেন তদন্ত করতে না হয় সেদিকে দৃষ্টি রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, সুশাসন, স্বছতা ও জবাবদিহিতাÑএই শব্দগুলো এখন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ভাবমূর্তি উজ্জ্বল করতে এগুলো নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও এপিএএমএস (সফট্ওয়্যার) বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি স্বচ্ছতা থাকা দরকার। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে এপিএ বাস্তবায়ন জরুরি। অনুষ্ঠানে গুরুত্বের সঙ্গে এপিএ বাস্তবায়নের তাগিদ দিয়ে এপিএ বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে জানান ইউজিসি চেয়ারম্যান।

প্রফেসর আলমগীর বলেন, কিছুকিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে এগুলো পরিহার করে সুশাসন নিশ্চিত করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের উপাচার্যের বা কর্তৃপক্ষের লিখিত নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের অনুরোধ জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন