২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে তোফাজ্জল চারঘাটে একরামুল ও নাচোলে ঝালু খান মেয়র নির্বাচিত

প্রকাশিত: ১ মার্চ ২০২১, ১:৩৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে তোফাজ্জল চারঘাটে একরামুল ও নাচোলে ঝালু খান মেয়র নির্বাচিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ২ হাজার ৪০৭ ভোট বেশী পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন পূণরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী জার্জিস হোসেন সোহেল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবার দিয়ে পরপর তিনবার মেয়র নির্বাচিত হলেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৮৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জার্জিস হোসেন সোহেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪০১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সান্টু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ২০৭ ভোট ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হুমায়ুন কবীর লাংগল প্রতীকে ১৩৪ ভোট পেয়েছেন। দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার ছিলো ২১১২৬ জন। এরমধ্যে ১৬৫৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

চারঘাট প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী একরামুল হক। গতকাল রোববার সন্ধ্যায় বেসরকারীভাবে প্রাপ্ত খবরে আ”লীগের মেয়র প্রার্থী একরামুল হক পেয়েছেন নৌকা প্রতীক ১৪ হাজার ৯৮১ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল পেয়েছেন ধানের শীষ ২ হাজার ৮শ ১২ ভোট।

এ দিকে ভোট চলাকালীন সময়ে ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র ২ ঘন্টা আগে দুপুর ২ টার দিকে নির্বাচনে ভোটদানে বাধা, এজেন্টকে ভোট কেন্দ্রে প্রবেশে বাধাসহ বিভিন্ন অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষনা দেন বিএনপির মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল। তার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। তবে বিএনপি প্রার্থী বিকুলের এসব অভিযোগ ভিত্তিহীন, মনগড়া এবং নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তিনি এসব কথা বলেছেন বলে দাবি করেছেন আওয়ামীলীগের প্রার্থী একরামুল হক। তিনি বলেন, বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আসে না।

আসে মুলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুণ্ঠিত হলেও বিএনপির প্রার্থী নিজের পরাজয় সুনিশ্চিত আচ করতে পেরে নির্বাচন শেষ হওয়ার মাত্র ২ ঘন্টা আগে তিনি ভোট বর্জনের ঘোষনা দেন। তারা আসলে জনগনের সেবক হতে চায় না। তারা চায় জনগনের শাসক হতে।

নাচোল থেকে প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেয়রপদে পুনরায় নির্বাচিত হলেন আব্দুর রশিদ ঝালু খান। ৪৫৩২ ভোট পেয়ে ২য় বারের মত নাচোল পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান রোজাউল করিম বাবু চামুচ প্রতীকে পেয়েছেন ২৮৯২ ভোট। এবার নাচোল পৌর মেয়রপদে নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

এদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনীত বর্তমান মেয়র আব্দুর রশিদ ঝালু খান (নৌকা), বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মাসউদা আফরোজ হক শুচি (ধানের শীষ), স্বতন্ত্র প্রর্থী আমান উল্লাহ আল মাসুদ (রেল ইঞ্জিন), ও রেজাউল করিম বাবু (চামুচ) প্রতীক। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবু নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চামুচ প্রতীক নিয়ে নাচোল পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

ইভিএম পদ্ধতিতে নাচোলে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটকেন্দ্রগুলিতে নারী-পুরুষ ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। নাচোল পৌর এলাকায় ১০টি ভোট কেন্দ্রে পুরুষ-মহিলা স্থায়ী ভোটকক্ষ ছিল ৪৮টি ও অস্থায়ী ৭টি। নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রগুলির নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার প্রহরার পাশাপাশি শৃংখলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও নির্বাচন চলাকালীন এলাকায় একজন ১ম শ্রেণীর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রের দায়িত্বে সংক্ষিপ্ত বিচার আদালত টহলরত অবস্থায় পরিচালিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন