২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি গানপাউডার ও পাঁচটি ককটেলসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি গানপাউডার ও পাঁচটি ককটেলসহ দুইজন গ্রেফতার
বিজ্ঞাপন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডার এবং ৫টি তাজা ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম গ্রামের দানেশ ঘোষের ছেলে ১নং আসামি মো. জুয়েল এবং তার ভাই ও সহযোগী একই এলাকার মো. নাইম (২৩)।
পুলিশ জানায়, গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে সদর থানার মামলা নং-২৯ এর ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামি মো. জুয়েলকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গানপাউডার ও ককটেল মজুদের তথ্য বেরিয়ে আসে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সদর থানার একটি বিশেষ টিম চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আসামির দেখানো মতে ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামিকে তার সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী মো. নাইমকে একই তারিখ রাত ২টা ৫ মিনিটের দিকে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ১নং আসামি মো. জুয়েলের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত বিস্ফোরক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় একটি নিয়মিত মামলা (সদর থানার মামলা নং-৪৪, তারিখ: ২৭/১১/২০২৬ ইং) রুজু করা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন