চারঘাট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, নৌকা মানে উন্নয়ন। নৌকা মানে গণতন্ত্র। নৌকা মানে জনগণের বিজয়। রাজশাহীর চারঘাট পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী একরামুল হকের নির্বাচনী পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পথসভায় জেলা আওয়ামীলীগ ছাড়াও রাজশাহীর আশে পাশের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা বক্তব্য দিয়ে সবাই নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
নৌকার প্রার্থী একরামুল হককে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানিয়ে সাধারণ ভোটারের উদ্দেশে এস এম কামাল হোসেন আরও বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নৌকার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছেন। দেশে এখন উন্নয়ন বইছে বলেই এদেশের মানুষ ধানের শীষকে চায় না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভালোভাবে চলছে। আজ চারঘাট তথা রাজশাহী তথা দেশের দিকে তাকালে দেখবেন কোথাও আর অন্ধকার নেই। নিভৃত চরাঞ্চলেও আজ আলোর ঝলকানি। সবখানেই লেগেছে উন্নয়নের সিড়ি। তাই উন্নয়নের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে নৌকা মার্কা ভোট বিপ্লব ঘটিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। মনে রাখবেন নৌকা মনেই উন্নয়ন। নৌকা মানেই শান্তির অগ্রদুত। নৌকা মানেই শান্তির আবাস স্থল। তাই শান্তির রাজ্যে যারা আগুন নিয়ে খেলতে চাই তাদের বয়কট করুন।
চারঘাট-বাঘা আসনের সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হক রায়হান বলেন, আমার স্ত্রী এর আগে চারঘাটের মেয়র ছিলেন। এবারও তিনি মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। দল যাকে যোগ্য মনে করেছে তাকেই দলীয় ভাবে মনোনয়ন দিয়েছে। তাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে একরামুল হক জননেত্রী শেখ হাসিার নৌকার মাঝি। এই নৌকার মাঝিকে বিজয়ী করতে কাধে কাধ মিলে বাড়ি বাড়ি গিয়ে নৌকার গনজোয়ার তৈরী করতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারী বিপুল ভোটে নৌকার মাঝিকে বিজয়ী করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- সাবেক সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হক রায়হান, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, কাটাখালি পৌর মেয়র আব্বাস আলী প্রমুখ।