দুর্গাপুরের সেই এএসআই-এর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার দুর্গাপুরে পুলিশের সেই সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলামের বিরুদ্ধে এবার নির্মাণাধীন বাড়ির প্রাচীর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক বকুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ পুলিশের এএসআই আশরাফুল ইসলাম সহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। আদালতের বিজ্ঞ বিচারক বাদীর আরজি আমলে নিয়ে অভিযোগটি দুর্গাপুর থানার ওসিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
পুলিশের এএসআই আশরাফুল ইসলামসহ অপর আসামীরা হলেন, সিংগা গ্রামের আব্দুস সামাদের পুত্র শরিফুল ইসলাম, মৃত খবির উদ্দিনের পুত্র হাবিবুর রহমান, মৃত ছলিমুদ্দিনের পুত্র শহিদুল ও সাইদুল এবং আবু তালেবের পুত্র আব্দুস সামাদ। এর আগেও পুলিশের এই এএসআই আশরাফুলের বিভিন্ন অপকর্মের অভিযোগ পুলিশ সিকিউরিটি সেলসহ বিভিন্ন জায়গায় দেয়া হলে তাকে আর্মড ব্যাটালিয়নে সংযুক্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। বিভাগীয় মামলাটি তদন্ত করছেন সিরাজগঞ্জ জেলা পুলিশের একজন সিনিয়র এএসপি।
এ ঘটনায় পরবর্তিতে আপোষ মিমাংসার কথা বলা হলেও আপোষ মিমাংসা না হওয়ায় ১৪ ফেব্রুয়ারি দুর্গাপুর থানায় মামলা দায়ের করতে গেলে থানার ওসি বাদীকে আদালতে মামলা করার পরামর্শ দেন। বাদীর আইনজীবী রাজশাহী জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট শামসুদ্দিন জানান, বকুল ইসলাম বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারি রাজশাহীর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ লিখিত আরজি দায়ের করলে আদালতের বিজ্ঞ বিচারক বাদীর আরজি আমলে নিয়েছেন। যার সিআর মামলা নম্বর- ৪৬। আদালত ঘটনাটি তদন্তের জন্য দুর্গাপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলেও জানান এ্যাডভোকেট শামসুদ্দিন।
