২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গাছে মোটরসাইকেলের ধাক্কায় বাগাতিপাড়ায় জাবি ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গাছে মোটরসাইকেলের ধাক্কায় বাগাতিপাড়ায় জাবি ছাত্রের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় প্রাণ হারিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ শাফি নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। তিনি লোক প্রশাসন বিভাগের ৪৭ তম ব্যাচের (তৃতীয় বর্ষ) শিক্ষার্থী ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার রাজশাহীর বাগাতিপাড়া থেকে মোটরসাইকেলে বনপাড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে শাফি গুরুতর আহত হন।

প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে নাটোর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার এসআই শাহীন আক্তার টুম্পা বলেন, রাতে আবদুল্লাহ আল মাহমুদ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, মেধাবী এ শিক্ষার্থীর অকালপ্রয়াণ কষ্ট ও বেদনার। তার পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন। উপাচার্য প্রয়াত আবদুল্লাহ আল মাহমুদ শাফির শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগও শোক প্রকাশ করেছে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন