জ্বালানি সহযোগিতা চেয়ে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
চলমান গ্যাস সংকটে মানুষের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য হাসান অমিত। তিনি জানান, জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কথা বলেছেন তারা। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেনÑ তাঁর তরফ থেকে এবং তাঁর দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছে, তিনি দ্রুততম সময়ের মধ্যে তাঁর টিমের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী গত সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছেন। যেটি আজ (গতকাল মঙ্গলবার) আমাদের শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়ায় হস্তান্তর করেছেন এবং আজকে (গতকাল মঙ্গলবার) বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় তাঁর দেশের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, তাঁর তরফ থেকে এবং তাঁর দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে, তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সঙ্গে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। প্রতিমন্ত্রী আরও বলেন, এই বার্তাটি দেওয়ার এই প্রয়োজনীয়তা আমি এই কারণে অনুভব করছি যে মানুষের এই সমস্যা এবং কষ্ট প্রতি মুহূর্তে আমাদের কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের এই কষ্টে আমরাও সমব্যথী। ক্ষেত্রবিশেষে আমাদের কষ্ট আরও বেশি। কারণ জনগণ আসলে আমাদের দায়িত্ব দিয়েছেন তাদের কষ্ট নিরসনের জন্য, সেহেতু আমরা বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয় যেমন দিন-রাত কাজ করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতি মুহূর্তে ঘটনা সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ রাখছেন। তাঁর তরফ থেকে তাঁর পক্ষ থেকে যদি কিছু করবার থাকে, সেই ব্যাপারে চেষ্টা করছেন, তারই অংশ হিসেবে গত সোমবার এবং আজ মঙ্গলবার মালয়েশিয়ার সরকারের সঙ্গে কথা বলেছেন তিনি।-এফএনএস
